
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আশেক (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর শাখা তাঁতীদলের বর্তমান সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) বিপ্লব চন্দ্র নাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মো. আশেককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আশেক উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলির বিল এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
এ ঘটনায় লোহাগাড়া থানায় ৭ সেপ্টেম্বর মামলা নম্বর-০৯ দায়ের করা হয়েছে। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয়ভাবে তাঁতীদলের পদধারী হিসেবে পরিচিত একজন ব্যক্তির ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন