
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকায় মেঝেতে অবস্থান করেই চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। অসুস্থ শরীর নিয়ে মেঝেতে শুয়ে থাকা রোগীদের এমন চিত্রে হাসপাতালের সেবাব্যবস্থার মান ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ থাকলেও সে তুলনায় পর্যাপ্ত শয্যা নেই। ফলে শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝেতে বিছানা পেতে অবস্থান করতে হচ্ছে। কেউ স্বজনের সহায়তায় মেঝেতে বসে রয়েছেন, আবার কেউ অসুস্থ শরীর নিয়েই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের পাশাপাশি তাঁদের স্বজনদেরও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের মেঝেতে অবস্থান করতে দেখা গেছে। অসুস্থ মানুষের জন্য যেখানে পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করার কথা, সেখানে মেঝেতে শুয়ে চিকিৎসা নেওয়ার দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক।
স্থানীয় বাসিন্দারা জানান, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লামা উপজেলার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল। ফলে প্রতিদিনই এখানে রোগীর চাপ থাকে। কিন্তু প্রয়োজনের তুলনায় শয্যা ও অন্যান্য সুযোগ-সুবিধা সীমিত হওয়ায় দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
এক রোগীর স্বজন বলেন, “অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসে যদি মেঝেতে থাকতে হয়, বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক। বিশেষ করে রাতে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে মেঝেতে থাকা খুবই দুর্বিষহ।”
সচেতন মহলের মতে, চিকিৎসাসেবা কেবল ওষুধ ও চিকিৎসকের ব্যবস্থাপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; রোগীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ নিশ্চিত করাও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ। উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের এমন দুরবস্থা কোনোভাবেই কাম্য নয়।
এ অবস্থায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শয্যা বৃদ্ধি, রোগী ও স্বজনদের জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের ভাষ্য, রোগীরা অসহায় অবস্থায় চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসেন—কোনো অনুগ্রহ নিতে নয়। তাই অসুস্থ মানুষের মানবিক মর্যাদা এবং চিকিৎসার ন্যূনতম পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি
মন্তব্য করুন