
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের মমতাময়ী মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আল মাদরাসাতুল হামিদিয়া দানুমিয়া এমদাদিয়া দারুল উলুম হেফজ খানা ও এতিমখানার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার হলরুমে আয়োজিত এই শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ মাহফিলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানসহ তাঁর শ্রদ্ধেয় আব্বাজান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কন্ঠে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “মা পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়। মায়ের দোয়া এবং ভালোবাসা আমার জীবনের চলার পথের শক্তি। আজকের এই মাহফিলে আপনারা যারা আমার মায়ের জন্য দোয়া করেছেন, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
দোয়া মাহফিলে অংশগ্রহণ করে ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আবু তাহের বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় একজন অত্যন্ত মানবিক ও কর্মঠ মানুষ। তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতে আমাদের এই ছোট্ট আয়োজন তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করি।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। দোয়া মাহফিলে মাদরাসার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমন সুন্দর আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান। তিনি শোকাবহ এই সময়ে পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদরাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় যেকোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন