
ক্রাইম রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন আমিন আবাসিক এলাকায় চাঁদা দাবি ও ছুরিকাঘাতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমিন আবাসিক এলাকার বাসিন্দা মো. সজিব মৃধা (৩১) বন্দর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত রাব্বি (৩০), বাজু (৩৩), রাসেল (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৬–৭ জন তাকে চাঁদা দাবি করে মারধর ও জিম্মি করে রাখে।
অভিযোগে বলা হয়, ব্যক্তিগত প্রয়োজনে সজিব মৃধা অভিযুক্ত বাজুর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন এবং আগামী ১৫ জানুয়ারি টাকা পরিশোধের সময় নির্ধারণ করা হয়। তবে এর আগেই গত ১১ জানুয়ারি দুপুর আনুমানিক ১টার দিকে আমিন আবাসিক এলাকার ৫ নম্বর গলিতে অভিযুক্তদের সঙ্গে তার সাক্ষাৎ হলে তারা টাকা দাবি করে। নির্ধারিত সময়ের কথা জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবি করে।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সজিব মৃধার বন্ধু মো. রতনসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ছুরি দিয়ে রাব্বি (৩০) নামে এক বন্ধুকে বাম হাতে আঘাত করে গুরুতর জখম করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত রাব্বিকে তাৎক্ষণিকভাবে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার হাতে প্রায় ২০টি সেলাই দিতে হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং চিহ্নিত সন্ত্রাসী। ঘটনার পর তারা ভুক্তভোগী ও তার বন্ধুদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও বন্ধুদের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন