
মোঃ আমজাদ হোসেন:জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩ জুলাই শুক্রবার উপজেলার ধরন্জী ইউনিয়নের সালুয়ার মাঠে ভারতগামী পথে স্বর্ণ পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তি উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদ (২৫)। তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সালুয়ার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার মধ্য দিয়ে যাওয়া মামুনুর রশিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তার শরীর তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে বহন করা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিষয়টি অধিকতর তদন্ত করে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে স্বর্ণ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন