
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভিলেজ পাড়ার বাসিন্দা মো. জহির আহমদের দুই একর জমির বেগুন, মরিচ, করলা ও ডেরস (শাক) সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তার আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জহির আহমদ জানান, বাড়ির পাশের জমিতে স্বপ্নের ফসল ফলাতে তিনি সার-বিষ দিয়ে সন্তানের মতো যত্ন করেছিলেন। কিন্তু মাতামুহুরি নদীর বন্যার পানিতে সব ফসল তলিয়ে যায়। তিনি বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ঋণ নিয়ে এই চাষাবাদ করেছিলেন। এখন ঋণের বোঝা ও ফসলহানির কারণে তিনি সম্পূর্ণ অসহায় ও সর্বহারা হয়ে পড়েছেন।
এমন অবস্থায় তিনি সরকারের কাছে জরুরি সহযোগিতা চেয়েছেন। এদিকে কৃষি উপকরণের বাড়তি দাম ও বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার কৃষকদের মধ্যে তীব্র আতঙ্ক ও দুশ্চিন্তা দেখা দিয়েছে।
মন্তব্য করুন