
বান্দরবান সদর উপজেলার রেইচা-গোয়ালিয়াখোলা সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার একটি অংশ বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলীকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
ইউনিয়নের ৯ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন মোহাম্মদ আলী। এলাকার সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের কারণে স্থানীয়দের মাঝে তাঁর একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ এবং স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন।
স্থানীয় ভোটারদের প্রত্যাশা, জনসম্পৃক্ততা, এলাকার সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের মানসিকতা বিবেচনায় নিয়ে মোহাম্মদ আলী যদি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে এলাকার উন্নয়ন গতিশীল হবে।
তবে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা চললেও, চূড়ান্ত প্রার্থিতা বা দলীয় মনোনয়নের বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নীতিনির্ধারক ও নির্বাচন প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
এদিকে, একজন জনপ্রিয় যুবনেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসায় রেইচা-গোয়ালিয়াখোলা ইউনিয়নের রাজনৈতিক মহলে নতুন করে সমীকরণ শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কোনো ঘোষণা দেন কি না। ইউনিয়নের সাধারণ মানুষ ও স্থানীয় ভোটাররা এখন সেদিকেই তাকিয়ে আছেন।
মন্তব্য করুন