
বান্দরবান পৌরসভাধীন বালাঘাটা ব্রিগেড এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. মফিজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (১৯ জুলাই) বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটা ব্রিগেড এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাহাড় কাটার সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে মো. মফিজুল ইসলামকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করার পাশাপাশি অভিযুক্তকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। অভিযানে বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এবং অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে তাদের এ ধরনের আইনি অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন