
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের নবনির্বাচিত এডহক কমিটির নেতৃবৃন্দ বান্দরবান পার্বত্য জেলা ৩০০-নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রোববার (৯ আগস্ট ২০২৬) এমপির নিজস্ব বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবনির্বাচিত এডহক কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় বান্দরবান জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও গতিশীল করা, মানবিক ও জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করা এবং অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতিতে এবং মানুষের দুর্দিনে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে আর্তমানবতার সেবায় নিবেদিত হয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের নবনির্বাচিত এডহক কমিটির সহ-সভাপতি বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী, সদস্য- জেলা মহিলা দলের নেত্রী কাজী নিলুতাজ বেগম, ম্যা ম্যা নু মার্মা, রাজুময় তঞ্চঙ্গ্যা, তরণ কান্তি দাস, থুইমংপ্রু মার্মা, পাইনুচিং মার্মা ও এডভোকেট মোরমেদ এবং জিটিভি ও দৈনিক দিনকাল এর বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসহাক আলম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন