
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, নিয়মিত অফিস না করা এবং বিদ্যালয়ে দেরিতে উপস্থিত হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে চলা প্রধান শিক্ষকের এমন অনিয়মে একদিকে যেমন বিঘ্নিত হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, অন্যদিকে চরম ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সত্যতার সত্যতা মিলেছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় বিদ্যালয় ও অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা প্রায়শই সকাল ১০টা থেকে ১১টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন এবং দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যেই চলে যান। বিদ্যালয়ে দেরিতে আসার বিষয়ে প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। প্রধান শিক্ষকের এমন খামখেয়ালিপনায় বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা ভেঙে পড়েছে।
শুধু দাপ্তরিক কাজে অনিয়মই নয়, সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বিদ্যালয়ে নিয়মিত জাতীয় সংগীত ও শরীরচর্চাসহ প্রাত্যহিক সমাবেশ (স্কুল এসেম্বলি) না করানোরও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, দিনের পর দিন এসেম্বলি না হওয়ায় তাদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং শৃঙ্খলার বিষয়টি থেকেও তারা বঞ্চিত হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষটি নিয়মিত পরিষ্কার না করায় তা নোংরা আবর্জনায় ভরা থাকে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. সালেহসহ এলাকাবাসী জানান, “প্রধান শিক্ষকের অফিস কার্যক্রম কেবল নামমাত্র, বাস্তব চিত্র একদম ভিন্ন। স্কুলের অব্যবস্থাপনা নিয়ে আমরা বেশ কয়েকবার প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমার বরাবর অভিযোগ জানিয়েছি। কিন্তু তিনি কোনো তোয়াক্কাই করেননি। এমতাবস্থায় এলাকার শিক্ষার পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে প্রশাসন ও গণমাধ্যমকে অবহিত করতে বাধ্য হয়েছি।”
বিদ্যালয়ে শিক্ষার নিম্নমানের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের নেতিবাচক প্রভাব পড়ছে পুরো প্রতিষ্ঠানের ওপর। পড়াশোনার মান দিন দিন তলানিতে ঠেকলেও দেখার যেন কেউ নেই।
এ বিষয়ে বান্দরবান উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদ হোসেন জানান, “আপনাদের মাধ্যমে অভিযোগের বিষয়ে অবগত হয়েছি। এর আগেও বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিলাম এবং তখন তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। এখন ঘটনাটির সত্যতা যাচাই সাপেক্ষে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল ও ক্ষুব্ধ অভিভাবকরা অবিলম্বে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দ্রুত স্বাভাবিক করার জোরালো দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন