
জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বান্দরবানের ঐতিহ্যবাহী সংগঠন এপেক্স ক্লাব অব সাঙ্গু। ‘অ্যাপেক্স বাংলাদেশ ন্যাশনাল ইন্টার ক্লাব ডিবেট কম্পিটিশন-২০২৬’-এ দেশের বিভিন্ন জেলার প্রতিদ্বন্দ্বী দলকে পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ক্লাবটি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার গুলশান-২-এর বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাছাইকৃত ও চ্যাম্পিয়ন দলগুলো অংশগ্রহণ করে। ঢাকা, খুলনা, রংপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপনা, বুদ্ধিমত্তা ও বক্তৃতাশৈলীর মাধ্যমে সেরা হওয়ার কৃতিত্ব দেখায় ডিস্ট্রিক্ট-৩-এর অন্তর্গত এপেক্স ক্লাব অব সাঙ্গু, বান্দরবান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান নাসিম আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান এবং সদ্য বিদায়ী ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। প্রতিযোগিতায় সভাপতিত্ব ও সার্বিক পরিচালনায় ছিলেন ন্যাশনাল ইয়ুথ অ্যান্ড সিটিজেনশিপ ডিরেক্টর অ্যাপেক্সিয়ান মুস্তফা মো. নুরুল মতিন (সৈকত)। প্রধান অতিথি অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান নাসিম আহমেদ বলেন, যুক্তিনির্ভর ও সচেতন সমাজ গঠনে বিতর্কের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশে অ্যাপেক্স বাংলাদেশ এ ধরনের জাতীয় আয়োজন অব্যাহত রাখবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
বিজয়ী দলের সদস্যরা হলেন—দলনেতা অ্যাপেক্সিয়ান মিজানুর রহমান মিলটন, প্রথম বক্তা অ্যাপেক্সিয়ান সুজন দে এবং দ্বিতীয় বক্তা অ্যাপেক্সিয়ান মো. ইয়াছিন আরাফাত। এপেক্স ক্লাব অব সাঙ্গুর এ অর্জন জাতীয় পর্যায়ে বান্দরবানের মেধা, যোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতার উজ্জ্বল স্বীকৃতি। এ সাফল্যে স্থানীয় অ্যাপেক্সিয়ানদের পাশাপাশি বান্দরবানের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন