
পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি মোঃ আল মামুন আলম, সহসভাপতি মোঃ আবু হায়াত নুর নবী সাংগঠনিক সম্পাদক চৌ মু,মহেবুল্লাহ আবু নূর, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল হোসেন সঞ্চলনায় মোঃ জহিরুল ইসলাম রিপন। সাধারণ সম্পাদক রুহিয়া উপজেলা বি এন পি। সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল ও অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে বিভিন্ন মহল অপতৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস, সহিংসতা, ককটেল বিস্ফোরণ, হামলা-ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ তুলে বক্তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে। একই সঙ্গে তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন