
“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় বান্দরবান আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে মানবিক পাঠশালার উদ্যোগে আজ: ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার মাদকবিরোধী সচেতনতামূলক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের বান্দরবানের সভাপতি মো. ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এ কে এম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নববাণী পত্রিকার জেলা প্রতিনিধি ও এবিএন বাংলা টিভির চেয়ারম্যান মো. আজমত হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক রেংগো চাকমা এবং বান্দরবান আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য সুমাইয়া হেলাল মিমি, মো. কামরুল হাসান, জাবেদ বিন মুনতাসির, টিপন দেসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. কামরুল।
এ সময় বক্তারা বলেন, মাদক শুধু একটি ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, পুরো সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। আজকের কোমলমতি শিশুদের মাঝে পড়াশোনা ও সৃজনশীলতার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে পারলেই সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। মানবিক পাঠশালার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বর্তমান সরকারের মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কঠোর এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং তাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় চিত্রাংকন ও কুইজ দুটি বিভাগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মেন প্রে ম্রো, পর্যায়ক্রমে দ্বিতীয় পাসাই ম্রো এবং তৃতীয় ডমেউ মারমা।
কুইজ প্রতিযোগিতা: প্রথম স্থান অর্জন করেন তুতুলি তঞ্চাঙ্গা, পর্যায়ক্রমে দ্বিতীয় পূর্ণবিকাশ তঞ্চাঙ্গা এবং তৃতীয় লালভেন ত্রিপুরা।
প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথি রা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের শান্তনা পুরুস্কার প্রদান করেন।
মন্তব্য করুন