
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশে ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দলীয় সমর্থন বিষয়ে করণীয় নির্ধারণ, সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করা এবং যোগ্য প্রার্থী যাচাই-বাছাই করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের স্থানীয় ‘সরওয়ার কনভেনশন হলে’ ‘দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই পরিচালনা কমিটি’র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও মুজিবুর রহমান চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য হাজী রফিকুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু ও মোস্তাফিজুর রহমান এবং পৌরসভা বিএনপি নেতা এরশাদুল হক চৌধুরী তসলিম।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ত্যাগী, সৎ ও জনপ্রিয় প্রার্থীদের চিহ্নিত করে সমর্থন প্রদান করা হবে। ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কাজ পরিচালনার মাধ্যমে দলের ভিত্তি সুদৃঢ় করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাতকানিয়া উপজেলা, পৌরসভা, আমিলাইশ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন