
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবমনোনীত সদস্য, রোয়াংছড়ি উপজেলার কৃতি সন্তান জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা দায়িত্ব গ্রহণের পর এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় মনোনিবেশ করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
হাসপাতাল পরিদর্শনকালে জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা সেবায় কোনো ঘাটতি রয়েছে কি না তা সরাসরি রোগীদের কাছ থেকে শোনেন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “পাহাড়ি এলাকার সাধারণ ও প্রান্তিক মানুষ যেন সঠিক সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।” স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত ও সেবামূলক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দেন তিনি।
এদিকে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁর নিজ জন্মভূমি চক্ষুলাল পাড়াবাসী এবং রোয়াংছড়ি উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির (৭টি প্রতিষ্ঠানের সংবর্ধনা পর্ষদ) পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। শিক্ষক ও এলাকাবাসীর উষ্ণ অভ্যর্থনায় তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যার বলিষ্ঠ নেতৃত্বে রোয়াংছড়ি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত খাতে এক নতুন নতুন অধ্যায়ের সূচনা হবে।
পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব গান্ধীলাল তঞ্চঙ্গ্যাসহ এলাকার স্থানীয় সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন