
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া এলাকায় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের রেকর্ডীয় জমি জবরদখল করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। কুচক্রী মহলের অব্যাহত হুমকি ও বাধার মুখে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বৈধ লাগিয়ত গ্রহীতা মো. হারুনুর রশিদ ও কেয়ারটেকার মো. আবুল কাশেম। অভিযুক্তদের বিরুদ্ধে জমি দখল বজায় রাখা, রোপণকৃত ফলজ চারাগাছ উপড়ে ফেলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের নামে রেকর্ডকৃত জমি—যার হোল্ডিং নম্বর ৩৩, ৩৩/ক, ৩৫ এবং খতিয়ান নম্বর ৬৫, ৬৮-এর মোট ১৫ একর জমি ৫ বছরের জন্য জুলাই ২০২৪ হইতে জুন ২০২৯ পর্যন্ত চুক্তিভিত্তিক লাগিয়ত ইজারা নেন মো. হারুনুর রশিদ পিতা: মো. বাদশা মিয়া। যার মোট ইজারা মূল্য নির্ধারণ করা হয় ১২ লাখ ৩৫ হাজার টাকা।
ভুক্তভোগী মো. হারুনুর রশিদ জানান, ইজারা নেওয়ার পর তিনি ১০ একর জমি দখলে বুঝে পেলেও বাকি ৫ একর জমি স্থানীয় কুচক্রী মহলের মূলহোতা আবু তৈয়বের নেতৃত্বে জবরদখল করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসা ওই পক্ষ ইজারাগ্রহীতার কাছে জমির খাজনা পরিশোধ করছেন না। উল্টো জমি ছেড়ে দিতে বললে তারা বৈধ ইজারাগ্রহীতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
তিনি আরও জানান, শংকর দাশ ও মাহফুজের একটি মাছের প্রজেক্ট রয়েছে, যার কিছু অংশ মসজিদের জায়গায় অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে তারা কোনো খাজনা না দিয়ে জায়গাটি দখল করে রেখেছেন।
এ বিষয়ে মাহফুজ ও শংকরের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের নিয়ন্ত্রণে মাছের প্রজেক্টটিতে তাদের কিছু অংশও রয়েছে এবং তারা মাছ চাষ করেছেন। মসজিদ কমিটির লোকজন এনে জায়গা পরিমাপ করে হারুনুর রশিদ তার পাওনা জায়গা বুঝে নিলে তাদের কোনো আপত্তি নেই।
হারুনুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি ওই জমিতে কলা, বরই, পেয়ারা ও লেবু গাছসহ প্রায় ১ হাজার বিভিন্ন প্রজাতির ফলমূলের চারা রোপণ করতে গেলে আবু তৈয়বের নেতৃত্বে একটি দল সব চারাগাছ উপড়ে ফেলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন করে। আমি লিজ নেওয়া জমি বুঝে পাচ্ছি না এবং যারা চাষাবাদ করছেন তারাও খাজনা দিচ্ছেন না। আমি বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরও যোগ করেন, এই আর্থিক ক্ষতি ও হয়রানির কারণে চুক্তির মেয়াদ অতিরিক্ত সময় বাড়িয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে বিনীত অনুরোধ জানান তিনি।
এদিকে, লিজ নেওয়া জমির কেয়ারটেকার মো. আবুল কাশেম জানান, তিনি লিজ নেওয়া জমি ও কলা বাগান দেখাশোনা করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। গত কয়েক মাস আগে রাতের আধারে বহিরাগত লোকজন নিয়ে তার বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি সদর থানায় অভিযোগ করেন। অভিযোগ করার পরও ক্ষান্ত না হয়ে সম্প্রতি তার চোখে-মুখে বিষাক্ত কিটনাশক নিক্ষেপ করা হয়, যার ফলে তাকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সত্যতা যাচাইয়ে ভাঙ্গামুড়া এলাকায় গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মো. হারুনুর রশিদ একজন শান্তিপ্রিয় মানুষ। তিনি নিজের বৈধ জমিতে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করতে গেলে আবু তৈয়বের নেতৃত্বে তার ওপর বাধা সৃষ্টি করা হয়। স্থানীয়ভাবে বিষয়টি সামাজিকভাবে সুরাহার বহু চেষ্টা করা হলেও অভিযুক্ত আবু তৈয়ব প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আবু তৈয়বের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হারুনুর রশিদের আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে, বান্দরবান কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম জানান, “মসজিদে নিয়োজিত ইজারা গ্রহীতাকে বাধা দেওয়া এবং তার রোপণ করা গাছপালা নষ্ট করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা বিষয়টি নিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং দ্রুত এই জবরদখলকারীদের হাত থেকে মসজিদের জমি ও ইজারা গ্রহীতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
মসজিদের ওয়াকফ বা রেকর্ডীয় সম্পত্তি জবরদখল, একজন বৈধ ইজারাগ্রহীতার ওপর এমন অন্যায় আচরণ এবং হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও মুসল্লিরা। এই ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. হারুনুর রশিদসহ এলাকাবাসী।
মন্তব্য করুন