
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দীন সাগর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
নিয়োগপত্র সূত্রে জানা যায়, বিশেষ সহকারী হিসেবে মহিউদ্দীন এমপি-র নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করবেন এবং তাঁর ওপর অর্পিত অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মেয়াদ সংসদ সদস্যের কার্যকালের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে অথবা তাঁর অভিপ্রায় অনুযায়ী বহাল থাকবে। সংসদ সদস্য প্রয়োজনে যেকোনো সময় নিয়োগের শর্ত সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করবেন।
নবনির্বাচিত বিশেষ সহকারী মোহাম্মদ মহিউদ্দীন সাগর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য। তাঁর নিজ বাড়ি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ মহিউদ্দীন সাগর বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এই আস্থা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “যেকোনো দায়িত্বই যেমন সম্মান ও মর্যাদার, তেমনি এটি একটি বড় আমানত। এই আমানতের যথাযথ মূল্যায়ন করে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
নিজের ছাত্ররাজনীতির অঙ্গনের অভিজ্ঞতা উল্লেখ করে মহিউদ্দীন সাগর বলেন, “রাজনীতির শুরু থেকেই আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও দেশ, জনগণ ও এলাকার উন্নয়ন এবং কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।” অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন