
টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার প্রধান দুই নদী সাঙ্গু ও মাতামুহুরীর পানি এখন বিপৎসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল ও বহু সড়ক। পাহাড়ি জনপদে এখন বন্যার আতঙ্ক।
জেলা আবাহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই সাঙ্গু নদীর পানি বিপৎসীমার প্রায় ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বেড়ে যাওয়ায় বান্দরবান শহরের আর্মি পাড়া, ইসলামপুর ও শেরে বাংলা নগরের মতো নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে। বাসাবাড়িতে পানি ওঠায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সাতটি উপজেলায় মোট ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। নদীর তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে আসার জন্য করা হচ্ছে মাইকিং। এছাড়া, পাহাড়ি ঢলে ভূমিধসের প্রবল ঝুঁকি থাকায় প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
পাহাড়ি ঢলের কারণে থানচি ও রুমা উপজেলার সাথে জলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম এবং ৮টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে।
টানা বৃষ্টি আর উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন