
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে একটি আকর্ষণীয় প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পুলিশ লাইন মাঠে এই প্রতিযোগিতামূলক ম্যাচটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। উদ্বোধক হিসেবে খেলাটির শুভ সূচনা করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাজী নিরুতাজ বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরদার সরদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, সহকারী প্রকৌশলী ললিন চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা এম মহিব্বুল হাসান এবং জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম। এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
ম্যাচে মুখোমুখি হয় বান্দরবান জেলা প্রশাসন ফুটবল দল ও পার্বত্য জেলা পরিষদ ফুটবল দল। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শেষ পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ ফুটবল দলকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় জেলা প্রশাসন ফুটবল দল। দুই দলের খেলোয়াড়দের সাবলীল ও আক্রমণাত্মক ফুটবল শৈলী মাঠে উপস্থিত দর্শকদের মাঝে দারুণ উত্তেজনার সৃষ্টি করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন