
বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই শীর্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে সদর থানায় দায়ের হওয়া একটি মামলার (মামলা নং-০৭, জিআর নং-৯৬/২০২৬) আওতায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (২০২৫ সালের সংশোধিত রূপ)-এর ৬, ৮, ৯ ও ১০ ধারায় এই মামলাটি রুজু করা হয়েছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. জিহাদুল আলম তুহিন (২২): তিনি বান্দরবান সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক ‘খ’ শাখা ছাত্রলীগের সভাপতি। তার পিতা দিলদার আলম ও মাতা আরাফা আক্তার। তার বাড়ি বান্দরবান পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকায়।
২. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন (৫০): তিনি বাংলাদেশ কৃষক লীগ, বান্দরবান জেলা শাখার সভাপতি। তার পিতা মৃত পুলিন বিহারী বড়ুয়া ও মাতা মৃত সচি রানী বড়ুয়া। তিনি বান্দরবান বাজারের ০৩ নম্বর গলির ‘ছাত্রবন্ধু লাইব্রেরী’ এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ সংবাদমাধ্যমকে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন