
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলি পাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে এবং তাৎক্ষণিক ত্রাণসামগ্রী পৌঁছে দিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য বাবু চ নু মং ও মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যা চিং এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নির্দেশনায় এই ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য বাবু চ নু মং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং রান্নার কাজে ও আগুন ব্যবহারে বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়।
স্থানীয়রা জেলা পরিষদের এমন দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন