
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় অনিল রুদ্র (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় সজীব রুদ্র (৩৮) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে খালেকের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিল রুদ্র বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের মৃত দেবেন্দ্র রুদ্রের পুত্র। অপরদিকে আহত সজীব রুদ্র ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেঁওচিয়া গ্রামের রুদ্র পাড়ার নেপাল রুদ্রের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে অনিল রুদ্র ও সজীব রুদ্র একটি মোটরসাইকেলযোগে বাঁশখালী থেকে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ঈগল পরিবহনের বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই অনিল রুদ্রের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সজীব রুদ্রও আহত হয়। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবার নিকট হস্তান্তর করা হবে। এ ছাড়াও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন