
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বেলা ৩টায় কেরানীহাট মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ হাদির হত্যাকাণ্ডকে নির্মম ও নৃশংস আখ্যা দিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী সাতকানিয়ার তরুণ আকাশ চৌধুরী। তিনি বলেন, শহীদ হাদি কোনো অপরাধী ছিলেন না। প্রকাশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হলেও এখনো বিচার দৃশ্যমান না হওয়ায় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অপরাধ বাড়িয়ে দিচ্ছে। একজন নিরীহ মানুষকে হত্যা করে পার পাওয়ার সুযোগ দেওয়া হলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানায়। এ সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
অবস্থান কর্মসূচির আয়োজকরা জানান, শহীদ হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মন্তব্য করুন