
বান্দরবানের লামায় পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে রফিকুল ইসলাম (২৬) নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ফাইতং ইউনিয়নের মেউন্দা মুসলিমপাড়ায় লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেবের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দন্ড দেয়া হয়।
দন্ডিত রফিকুল ইসলাম, পিতা: জমির আলী, সাং: সোনাইছড়ি পাড়া, ২ নং ওয়ার্ড, ফাইতং, লামা, বান্দরবান কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক ২ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মোবাইল কোর্টে বিচারক লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব।
বাংলাদেশ সেনাবাহিনী ও লামা থানার পুলিশ উক্ত মোবাইল কোর্ট অভিযানে সহায়তা করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসি (ল্যান্ড)।
মন্তব্য করুন