
মোহাম্মদ আলমগীর লামা বান্দর বান প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও বিপণনে দীর্ঘদিন ধরে চলে আসা অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুদসহ নানা অনিয়মের বিরুদ্ধে পরিচালিত হলো এক সাঁড়াশি অভিযান। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই যৌথ বাহিনীর অভিযানে অনিয়মকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানটির নেতৃত্ব প্রদান করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবায়েত আহমেদ। তাঁর দিকনির্দেশনা ও কঠোর তদারকির ফলে বাজারে গ্যাসের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে একটি দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায়। অভিযানের সময় বিভিন্ন গ্যাস বিক্রয়কেন্দ্রে মূল্য তালিকা যাচাই, অবৈধ মজুদ অনুসন্ধান এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে সাধারণ ভোক্তাদের নিকট থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করছিল। যৌথ বাহিনীর অভিযানে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবায়েত আহমেদ বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই কার্যকর ও সময়োপযোগী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন লামা উপজেলার সর্বস্তরের জনগণ। তাঁরা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবে।
সচেতন মহল মনে করেন, প্রশাসনের এ ধরনের দৃঢ় পদক্ষেপ শুধু গ্যাস বাজারেই নয়, সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন