
”দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই শাশ্বত অঙ্গীকারকে ধারণ করে বান্দরবানের রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া, বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ: ১০ই মার্চ মঙ্গলবার সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তগিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সম্পদ বড়ুয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।
মেহ্লাঅং মারমা, চেয়ারম্যান, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ।
উনুমং মারমা, চেয়ারম্যান, ২নং তারাছা ইউনিয়ন পরিষদ।
মো. মানিক, উপ-পরিদর্শক (এসআই), রোয়াংছড়ি থানা।
এছাড়াও বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির ভাষণে নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি বলেন,
”প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে পূর্বপ্রস্তুতি ও ব্যাপক জনসচেতনতার বিকল্প নেই। এই প্রায়োগিক মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি জনসাধারণের মধ্যে দুর্যোগকালীন ত্বরিত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।”
আলোচনা সভার সমাপনীতে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বিশেষ মহড়া প্রদর্শিত হয়। সেখানে ভূমিকম্পের সময় জীবন রক্ষা এবং অগ্নিকাণ্ড নির্বাপণের নানাবিধ কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়, যা উপস্থিত ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা অর্জন করে।
মন্তব্য করুন