
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এতিমদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি দুই শতাধিক এতিম শিশুর সাথে দুপুরের খাবারের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েলের উদ্যোগে রুহিয়া ছালেহীয়া দারুচ্ছুন্নাত এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল বলেন, জন্মদিনে কেক কেটে বা জাঁকজমকপূর্ণ আয়োজনে অর্থের অপচয় না করে আমরা এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। তাদের নিয়ে একবেলা খাওয়া এবং দোয়া মাহফিলের আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য ছিল। দোয়া শেষে মাদ্রাসার দুই শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান মুন্না, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি আব্দুল মালেক মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন