
বান্দরবানের লামা উপজেলায় এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা এবং তাদের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গজালিয়া ইউনিয়নের সাপমারা ঝিরি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ৩০৫ নং গজালিয়া মৌজার সাপমারা ঝিরিতে মৃত আনুমিয়ার নামে ৪ একর ৯ শতক জমি রেকর্ডভুক্ত রয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে ওই জমিতে আনুমিয়ার ছেলে মৃত বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়ার পরিবার বসতবাড়ি ও বাগান করে আসছেন।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল্লাহ ও তার সহযোগীরা ওই জমি দখলের চেষ্টা চালালে মুক্তিযোদ্ধা ফরিদ মিয়ার পরিবার বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে রবিউল্লাহ ও তার অনুসারীরা পরিবারটির সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তারা কয়েকজনকে মারধর ও গুরুতর জখম করে।
মৃত মুক্তিযোদ্ধা ফরিদ মিয়ার পরিবারের পক্ষ থেকে লামা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের জবরদখলের চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এদিকে, আওয়ামী লীগ নেতা রবিউল্লাহর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুক্তিযোদ্ধা পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংগঠনের কাছে অনুরোধ জানিয়েছে এলাকার সুশীল সমাজ।
মন্তব্য করুন