
মোঃওসমান গনি চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৪ মাদক কারবারিকে আটকের পাশাপাশি ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বৈলছড়ি এবং দুপুরে চাম্বল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার প্রথম অভিযানে বৈলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় বদি আলম নামে একজনকে আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত। মাদক কারবারি এবং তালিকাভুক্ত অপরাধী বদিউল আলম (৫০) বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আশপাশে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য নিশ্চিত হওয়ার পর বাঁশখালী সেনা ক্যাম্প থেকে সকাল ৭ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বদিউল আলমকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ১৪৯ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ এবং ৮ হাজার ৬১০ টাকা মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে অপর তালিকাভুক্ত অপরাধী ও বদিউল আলমের অর্থদাতা দীপেশ চক্রবর্তী (৩৫)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তার বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে ৯টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি লাঠি (বাটন), একনলা বন্দুকের ১০ রাউন্ড খালি কার্তুজ এবং বেশ কয়েক বোতল আমদানিকৃত মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে ৬০ লিটার দেশীয় মদ, ৯টি রামদা, ১০ রাউন্ড খালি কার্তুজ, মাদক বিক্রির ৮ হাজার ৬১০ টাকা, ১৫টি ধারালো অস্ত্র, ১টি চাইনিজ কুড়াল, ১টি লাঠি (বাটন), ৭টি মোবাইল ফোন রয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুপুরে পৃথক আরেকটি অভিযানে সেনাবাহিনী ইয়াবাসহ দুইজনকে আটক করে। গোপন গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়া যায় যে, কুখ্যাত মাদক কারবারি মো. সেকান্দার (৪০) ও মো. ফারহাদুল ইসলাম চাম্বল বাজারে অবস্থান করছে এবং দুপুর ১২টায় সেখানে একটি মাদক লেনদেন সংঘটিত হবে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালী সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত দুইজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৪৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালগুলো হচ্ছে-৪৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৫ টাকা।
আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন