
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোঃ আনসার (২৮) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দিবাগত রাত প্রায় ২টার দিকে বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ বালুভর্তি ড্যাম্পার ট্রাক আটক করে। এ সময় ট্রাকের চালক মোঃ আনসারকে আটক করা হয়।
পরবর্তীতে মোঃ ওমর সানী আকন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১১ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্তকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে পরিবহন করে আসছিল। প্রশাসনের এই অভিযানে সেই চক্রের একটি অংশ ধরা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান সংশ্লিষ্টরা।
সচেতন মহল মনে করছেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
মন্তব্য করুন