
দীর্ঘ আট বছর পর বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হইল ডেন্টাল ইউনিট এবং আল্ট্রাসনোগ্রাফি সেবা। ইহাতে এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হইল এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিবে বলিয়া সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করিয়াছেন।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই দুইটি গুরুত্বপূর্ণ সেবার আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিয়া নবসংযোজিত সেবার ফলক উন্মোচন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরিয়া ডেন্টাল চিকিৎসা ও আল্ট্রাসনোগ্রাফি সেবা বন্ধ থাকায় উপজেলার হাজার হাজার মানুষকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দূর-দূরান্তে যাতায়াত করিতে হইত। ফলে সময় ও অর্থ উভয়েরই অপচয় ঘটিত। বর্তমানে এই দুইটি সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চালু হওয়ায় সাধারণ জনগণ স্বল্প ব্যয়ে এবং সহজে প্রয়োজনীয় চিকিৎসাসেবা লাভ করিতে পারিবেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, সরকারের লক্ষ্য হইল স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাইয়া দেওয়া। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা চালুর মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি সাধিত হইল।
সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হইতেছে। নবসংযোজিত এই দুইটি সেবা সাধারণ রোগীদের চিকিৎসা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবপ্রবর্তিত ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি কক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই দুইটি সেবা চালু হওয়ায় লামা উপজেলার স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হইল। বিশেষত দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের জনগণ এখন নিজ উপজেলাতেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা লাভ করিতে সক্ষম হইবেন।
মন্তব্য করুন