
তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ফুটবল বিতরণ করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং বেক্ষ্যং জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও মাঠবিমুখতা দূর করার লক্ষ্যে এই ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল তুলে দেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের সভাপতি লুপ্রু মং মারমা,সাধারণ সম্পাদক, নয়ন্ত সেন এবং যুবদল নেতা মংক্যওয়াই মারমা। এ সময় উপজেলা ও স্থানীয় যুবদলের অন্যান্য স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ফুটবল বিতরণকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে তারুণ্যের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব সাচিং প্রু জেরী এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করা এবং তাঁর দিকনির্দেশনায় এলাকায় একটি সুস্থ ও সচেতন যুবসমাজ গড়ে তোলাই আমাদের মূল অঙ্গীকার। মাদকাসক্তি নির্মূল করে তরুণদের সৃজনশীল কাজে নিয়োজিত রাখতে আগামীতেও যুবদলের পক্ষ থেকে এ ধরনের ইতিবাচক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপজেলা যুবদলের এই চমৎকার উদ্যোগকে সাধুবাদ জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন