
মোঃ শফিকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চুরির মামলার সন্দিগ্ধ আসামি মোঃ সুজন রানা ওরফে কালুকে(২৭)মধুপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। আজ তাকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সুজন রানা ওরফে কালু রুহিয়া থানার মধুপুর (ধুমেরহাট) গ্রামের মোঃ রহিদুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ০২ আগস্ট ২০২৫ তারিখে রুহিয়া থানায় রুজু হওয়া একটি মামলার (মামলা নম্বর- ০২, জিআর নম্বর- ৬০/২০২৫) তদন্তে কালুর সম্পৃক্ততা পাওয়া যায়। মামলাটি দণ্ডবিধির (পেনাল কোড) ৪৫৭ ও ৩৮০ ধারায় দায়ের করা হয়েছিল, যা মূলত রাতের বেলা সংগৃহীত ও সিঁধ কেটে চুরির অপরাধের সাথে সংশ্লিষ্ট। রুহিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানান, চুরির ঘটনার সাথে জড়িত অন্য কোনো চক্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন