
বান্দরবানের রোয়াংছড়ি বাজারে দীর্ঘদিনের পুঞ্জীভূত জনদুর্ভোগ নিরসনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা যুবদল। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩.০০ ঘটিকার সময় রোয়াংছড়ি বাজারের প্রধান সড়কের একটি বিপদজনক জলাবদ্ধ গর্ত নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভরাট করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি বাজারের গুরুত্বপূর্ণ এই স্থানটিতে বড় একটি গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে থাকত। ফলে বাজারে আসা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ চরমে পৌঁছালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না দেখে এগিয়ে আসে রোয়াংছড়ি উপজেলা যুবদল।
রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু লুপ্রু মং মারমা-এর সরাসরি তত্ত্বাবধানে ও উপস্থিতিতে যুবদলের একদল কর্মী এই সংস্কার কাজে অংশ নেন। সংগঠনের নিজস্ব তহবিল থেকে সংগৃহীত অর্থে ইট কিনে ড্রেন সংলগ্ন ও সড়কের জলাবদ্ধ গর্তগুলো ভরাট করা হয়। এসময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে ইট বিছিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করতে দেখা যায়।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু লুপ্রু মং মারমা বলেন, “জনগণের দুর্ভোগ দেখে ঘরে বসে থাকা সম্ভব নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক। এলাকার মানুষের সামান্য উপকার হলেও আমাদের শ্রম সার্থক হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, বান্দরবান জেলা সংসদ সদস্য সাচিং প্রু জেরী এই অঞ্চলের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে এবং অনুপ্রেরণাতেই যুবদল যেকোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।
যুবদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। স্থানীয় এক পথচারী জানান, “গর্তটির কারণে যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল। আজ যুবদলের এই কাজের ফলে আমাদের চলাফেরা অনেক সহজ হলো। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এমন জনহিতকর কাজ সত্যিই প্রশংসনীয়।”
সংশ্লিষ্ট মহলের ধারণা, এমন সামাজিক সচেতনতামূলক কাজ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ সমাজকে জনসেবায় উদ্বুদ্ধ করবে।
মন্তব্য করুন