
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পের এফ-ব্লকের ছনকলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পরপরই ক্যাম্পের বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ২০ থেকে ২৫টি ঘর পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, এফ-ব্লক ও সিএ-ব্লকে প্রায় ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর এর সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহ করা হয়নি।###
মন্তব্য করুন