
মোঃ জসিম উদ্দিন :
চাঁদপুরের শাহরাস্তিতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে শালিসের জরিমানার চাপ ও মানসিক নির্যাতনের ফলে সোহেল (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজার এলাকায় নিহত সোহেলের পরিবার, স্বজন ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহতের ভাই মো: নূরে আলম বলেন, “আমার ভাই কে এক লক্ষ টাকা জরিমানার চাপ দিয়ে পরিকল্পিতভাবে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। অভিযুক্তরা তাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়। এর ফলেই আমার ভাই বিষ পান করে মৃত্যুর পথ বেছে নেয়।”
তিনি আরও বলেন, “আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং জড়িত সকলের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানাই।”
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক শালিসের নামে অর্থদণ্ড আরোপ ও মানসিক নির্যাতন সম্পূর্ণ বেআইনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর দুপুরে শাহরাস্তি উপজেলার গ্রামখিলা (মঙ্গল বাড়ী) এলাকায় নিজ ঘরে বিষ পান করেন সোহেল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ডিসেম্বর বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ১। সেলিনা (৪৭), স্বামী– জসিম উদ্দিন
২। সাবরিনা আক্তার (১৯), পিতা– জসিম উদ্দিন
উভয় সাং– শিবপুর (হাজী বাড়ী), থানা– শাহরাস্তি, জেলা– চাঁদপুর ৩। আবুল কাশেম (৫২), পিতা– আব্দুল আলিম, সাং– ছনুয়া, থানা– মনোহরগঞ্জ, জেলা– কুমিল্লা ৪। তাজুল ইসলাম মনু (৫০), পিতা– মৃত আলী মিয়া ৫। মোঃ সোহাগ (৩৫), পিতা– রফিকুল ইসলাম উভয় সাং– বেরনাইয়া, থানা– শাহরাস্তি, জেলা– চাঁদপুর সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন এর বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন