
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা করেছে লামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৩ নভেম্বর) সকালে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ লামা পৌর বাস টার্মিনালে সমবেত হয়ে পদযাত্রা শুরু করেন। পরে লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীর মোড়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।
পথসভায় বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, লামা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সারাবান তুহুরা সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর কাছে একজন গ্রহণযোগ্য, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতা। দলের দুঃসময়ে মাঠে তার নিরলস ভূমিকা তাকে এই আসনের ‘যোগ্য প্রার্থী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, বান্দরবান ৩০০ নং আসনে জাবেদ রেজাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য।
মন্তব্য করুন