
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পোয়ে: উপলক্ষে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট। ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বেতছড়া হেডম্যান পাড়া মাঠে ৩২টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক হেডম্যান পাড়া একাদশ এবং বেতছড়া বাজার একাদশ।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা। তিনি তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘তরুণ সমাজ যখন কাজের মাধ্যমে নিজেদের প্রতিফলন ঘটাবে, তখনই সমাজের পরিবর্তন ঘটবে।’ তিনি আরও বলেন, ইউনিয়নের ফুটবল মাঠ না থাকার কারণে খেলোয়াড়দের সমস্যায় পড়তে হয়, তাই একটি খেলার মাঠ নির্মাণ জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, কোষাধ্যক্ষ হ্লাছোহ্নী মারমা, এবং রোয়াংছড়ি উপজেলা জাসাস-এর আহ্বায়ক চিংনুমং মারমা।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হেডম্যান পাড়া একাদশ দাপটের সঙ্গে খেলে বেতছড়া বাজার একাদশকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি এবং হেডম্যান পাড়ার কারবারি আঞোইমং মারমা তাঁর বক্তব্যে বলেন, আজকাল যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তিনি যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতছড়া হেডম্যান পাড়া ফুটবল অ্যাসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক শৈসিংনু মারমা। স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন