
হাইকোর্টের নির্দেশে বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালিয়ে ২টি ভাটা গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রেনীর নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাগুলো ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন এসব অবৈধ ভাটা উচ্ছেদে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে “এলাহি ব্রিকস” ও “সেভেন ব্রিকস ম্যানু” নামের দুই ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ভাটাগুলোর সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে আগেই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিল পরিবেশ অধিদপ্তর। উপ-পরিচালক রেজাউল করিম নিশ্চিত করেন, অবৈধভাবে পরিচালিত হওয়ায় আদালতের নির্দেশে অবশিষ্ট ভাটাগুলোতেও অভিযান চলবে।
মন্তব্য করুন