
পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ ১০২৭০ টাকা সহ তুহিন হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত তুহিন হাওলাদার (২২) ইন্দুরকানী উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এস আই আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। ভোররাতে তাকে এ সময় পুলিশ আড়াই কেজি গাঁজা এবং নগদ ১০ হাজার ২৭০ টাকা উদ্ধার করে এবং তুহিনকে গ্রেফতার করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, এই ঘটনায় ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক একটি জাতীয় সমস্যা এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন