
বান্দরবানের লামা উপজেলায় “করিব মোরা ফল চাষ, সংরক্ষণ করিব বারোমাস”—এই প্রতিপাদ্যকে সামনে রাখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হইয়াছে।
রবিবার (২৮ জুন) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বাংলাদেশের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করিতে ফল চাষের বিকল্প নাই। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের আয় বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় ফলের উৎপাদন ও সংরক্ষণে অধিক গুরুত্ব প্রদান করিতে হইবে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে ফলের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কৃষি বিভাগের কার্যক্রম অব্যাহত থাকিবে বলিয়াও তাঁহারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষকদের উৎসাহিত করিবার লক্ষ্যে এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলিয়া অভিহিত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন আমু, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব এবং লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।
এ ছাড়া স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার কৃষক এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ ফল মেলায় দেশীয় বিভিন্ন প্রজাতির মৌসুমি ফল, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের চারা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শিত হইতেছে। মেলার মাধ্যমে ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ, নিরাপদ ফল উৎপাদন এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাইবে বলিয়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন