
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে লামা বাজারে সংগঠনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোটগ্রহণে ৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এমদাদুল হক তামিম এবং ৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মো. রমিজ।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন সাংবাদিক খগেশ প্রতী চন্দ্র খোকন। সদস্য সচিব ছিলেন সাংবাদিক মো. নুরুল করিম আরমান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. তৈয়ব আলী।
সংগঠনের ১২ জন ভোটারের মধ্যে ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউছুফ মজুমদার এবং জেলা তথ্য অফিসের (ডিআইও) কর্মকর্তা শহিদুর রহমান।
ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতী চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহ জাহান কামাল, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ কামালউদ্দিনসহ সংগঠনের সদস্য ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের সত্যতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতী চন্দ্র খোকন বলেন, “নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।”
মন্তব্য করুন