
সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা মেঘের ভেলা, আর পাহাড়ি ঝরনার কলকাকলি। ঈদের দীর্ঘ ছুটিতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে রূপসী কন্যা বান্দরবানে ভিড় জমিয়েছেন হাজারো ভ্রমণপিপাসু। শহরের কোলাহল ছেড়ে পাহাড়, নদী আর মেঘের মিতালীতে হারিয়ে যেতেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজারো পর্যটক।
ঘুরতে আসা পর্যটকরা জানান:
শহরের জ্যাম আর গরম থেকে বাঁচতে এখানে আসা। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়।
পর্যটকদের এই উপচে পড়া ভিড়ে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য। শহরের হোটেল, মোটেল, রিসোর্টগুলোর প্রায় শতভাগ কক্ষই আগে থেকে বুকড হয়ে গেছে। ব্যস্ত সময় পার করছেন ট্যুরিস্ট গাইড, রেস্তোরাঁ ব্যবসায়ী ও চাঁদের গাড়ির চালকেরা। দীর্ঘদিন পর এমন জমজমাট ব্যবসায় মুখে হাসি ফুটেছে স্থানীয় ব্যবসায়ীদের।
জেলার হোটেল- মোটেল এবং রিসোর্ট এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়:
এবারের ঈদে পর্যটকদের রেসপন্স খুব ভালো। আমাদের প্রায় সব রুম বুকড। আশা করছি সামনের দিনগুলোতেও এই ধারা বজায় থাকবে।
এদিকে, বান্দরবানে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা ট্যুরিস্ট পুলিশ কতৃপক্ষ জানায়: ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। জেলার প্রতিটি প্রধান পর্যটন কেন্দ্রে আমাদের টিম কাজ করছে, যাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিরা নির্বিঘ্নে ও নিরাপদে ঘুরে বেড়াতে পারেন।
প্রকৃতির টানে ছুটে আসা এই পর্যটকদের পদচারণায় পাহাড়ি কন্যা বান্দরবান যেন ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। এই আনন্দ আর কোলাহল আরও কিছুদিন বজায় থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য করুন