
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে গাঁজা সেবনের দায়ে মোহাম্মদ মোরশেদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টাইম বাজার সংলগ্ন এলাকায়, মেম্বার কফিল উদ্দিনের দোকানের সামনে পাকা সড়কের ওপর প্রকাশ্যে গাঁজা সেবনকালে স্থানীয় জনগণ তাকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং তার কাছ থেকে গাঁজা জব্দ করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন