
টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় মতবিনিময় করেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড্ আহমেদ আযম খান। ১৩ জুন (শনিবার) সকাল ১১টায় তিনি হাসপাতালটিতে উপস্থিত হয়ে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ল মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, বহির্বিভাগ ও ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা, প্রাপ্ত চিকিৎসাসেবা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। তিনি সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার ঘোষণা দেন।
হাসপাতালের অবকাঠামো, জনবল সংকট এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়ে মন্ত্রী দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে চিকিৎসা সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, সখিপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, কৃষক দলের সভাপতি ও সখিপুর ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন, সখিপুর প্রেস ক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক,সাবেক সভাপতি ইকবাল গফুর, সদস্য সচিব আনোয়ার কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিম গাছের চারা এবং সখীপুর উপজেলা চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।
মন্তব্য করুন