
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ৩১ লক্ষ টাকা লুট করেছে ডাকাতদল।
সোমবার (৭ জুলাই ২০২৫) রাত আড়াইটার সময় এ ঘটনা ঘটেছে।
শাহরাস্তি মডেল থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃষ্টি ভেজা রাতে মুখে মাস্কসহ প্যান্ট, গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ডাকাত দল পিকআপ যোগে ঠাকুর বাজারে এসে নৈশ প্রহরীদের মেরে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা তালা ভেঙ্গে শাটার খুলে আবুল খায়ের টোবাকোর ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে প্রবেশ করে বিভিন্ন আইটেমের সিগারেট, নগদ টাকা ও অন্যান্য দ্রব্যাদিসহ ৩০ লক্ষ ৯৬ হাজার টাকার মালামাল লুটে নেয়। পরবর্তীতে ব্রিটিশ টোবাকোর গোডাউনে প্রবেশের চেষ্টা কালে বাজারের অপর অংশের নৈশপ্রহরীরা টের পেয়ে যায়। তাদের ডাক চিৎকারে বাজারের লোকজন ও টহল পুলিশ এগিয়ে আসলে ডাকাত দল দ্রুত পিকআপ যোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এমরান হোসেন (৪৫) বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা রুজু করেছেন।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার রাতই ঘটনার স্হলে গিয়ে তদন্ত করেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন