
যশোরের শার্শা উপজেলায় মাদক ব্যবসায় জড়িত জামাল হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শার্শা থানার পুলিশ তদন্তে নেমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। শুক্রবার (৪ এপ্রিল) শার্শা থানায় এক প্রেস কনফারেন্সে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এ তথ্য জানান।
তিনি জানান, গেলো ৩০ মার্চ রাতে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রাম থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামাল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। শার্শা থানার পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত জাহিদ হাসানকে আটক করে। তার স্বীকারোক্তিতে পুলিশ মুল পরিকল্পনাকারী আমানত উল্লাহকেও গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জামাল হোসেন মাদক চোরাচালানের সাথে জড়িত ছিলেন এবং সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর কাছে তা পৌঁছে দিতেন। হত্যাকাণ্ডের রাতে জামাল ও তার সহযোগী জাহিদ ওই এলাকার মাদক সরবরাহের জন্য গিয়েছিলেন।
হত্যাকাণ্ডের পর জামালের পিতা আয়ুব হোসেন বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মধ্যে ৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মন্তব্য করুন