
মোহাম্মদ আলমগীরলামা -বান্দর বান প্রতিনিধি
লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জানুয়ারি রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা গোলাম মোস্তফা নাহিদ এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, সহকারী তথ্য অফিসার রাশেদুল হক, বীর মুক্তিযোদ্ধা ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রীয়দর্শী বড়ুয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে সামাজিক অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, চুরি-ডাকাতি ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকা ও কর্মকাণ্ড নিয়ে মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য করুন