
লামা( বান্দরবান) প্রতিনিধি:
১৪ জানুয়ারি (বুধবার) ২০২৬ইং তারিখ
লামা উপজেলার সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লামা উপজেলার বাজারের সকল ফার্মেসির মালিক, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের সঙ্গে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জি এম নাদিম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান-এর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার চিকিৎসা ও ওষুধ সেবার সার্বিক পরিস্থিতি, বিশেষ করে রাতের বেলা রোগীদের ওষুধ প্রাপ্তির সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে পূর্বের ন্যায় প্রতিদিন রোস্টার পদ্ধতিতে রাতের সময় নির্দিষ্ট ৭টি ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে লামা উপজেলার সাধারণ জনগণ, বিশেষ করে জরুরি রোগীরা রাতের বেলায় সহজেই প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পেতে সক্ষম হবে। ফলে ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
এ সময় বক্তারা বলেন, এই উদ্যোগ জনগণের জন্য অত্যন্ত কল্যাণকর ও মানবিক একটি পদক্ষেপ, যা লামা উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে। সকল ফার্মেসি মালিক ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এমন জনকল্যাণমূলক ও মহৎ উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে সাধুবাদ জানানো হয়।
৭টা ফার্মেসীর তালিকা ও মোবাইল নাম্বার হাসপাতালের জরুরী বিভাগ ও ফার্মেসীর সামনে ঝুলানো থাকবে।
মন্তব্য করুন