
মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিদিধি
নির্বাচনী প্রচারণার শেষ দিনে বান্দরবানের লামা উপজেলা যেন রূপ নিয়েছিল এক ভিন্নতর উৎসবে। পথঘাট, হাট-বাজার, পাড়া-মহল্লা, সবখানেই ছিল ধানের শীষের প্রতীকে ভোট চাওয়ার ব্যস্ততা, কর্মীদের কণ্ঠে কণ্ঠে স্লোগান আর সাধারণ মানুষের চোখে চোখে প্রত্যাশার ঝিলিক।
৯ ফেব্রুয়ারি সোমবার , নির্বাচনী প্রচারণার শেষ দিনে লামা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন বাহারের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা পুরো উপজেলাজুড়ে চালান ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম। লামা শহর এলাকা থেকে শুরু করে লামা সদর ইউনিয়ন ও রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম ও প্রত্যন্ত জনপদ পর্যন্ত ছড়িয়ে পড়ে ধানের শীষের নির্বাচনী বার্তা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানানো হয়। নেতাকর্মীরা সরাসরি ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে তাঁদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আবেদন জানান।
গণসংযোগকালে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে উঠে আসে আশার কথা, আস্থার কথা। ভোটাররা জানান, বান্দরবান ৩০০ আসনে ধানের শীষের কান্ডারী সাচিং প্রু জেরীর বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা, এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা ও জনগণের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কই তাঁকে আবারও বিজয়ের পথে নিয়ে যাবে, এমন বিশ্বাস ব্যক্ত করেন তারা। অনেকেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিপুল ভোটে তাঁকে পুনরায় সংসদে পাঠিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
শেষ দিনের এই গণসংযোগে লামা উপজেলাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। মানুষের অংশগ্রহণ, কর্মীদের উদ্দীপনা এবং ভোটারদের প্রত্যাশা মিলিয়ে ধানের শীষের পক্ষে এক আশাব্যঞ্জক নির্বাচনী হাওয়া বইতে থাকে, যা আগামী ১২ ফেব্রুয়ারির ভোটযুদ্ধের আগাম বার্তা দিয়ে যায়।
মন্তব্য করুন